প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার

বিদায়ী সাক্ষাতের অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
প্রায় চার বছর বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের পর প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তিনি ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেওয়া অভিজ্ঞ এই কূটনীতিক ঢাকায় দায়িত্ব নেওয়ার আগে ২০১৯ সালের জুলাই মাস থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। কর্মময় জীবনে তিনি হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও হ্যানয়সহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন।
