AdvertisementAdvertisement

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সৌদি আরব যাচ্ছেন শাহবাজ শরিফ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিরসন ও আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তান সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দরাবি জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী ৬ থেকে ৮ আগস্ট সৌদি আরব সফর করবেন। এই সফরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে পাকিস্তান। আঞ্চলিক শান্তি ও সংলাপের প্রসারে ওমানের অবদানকে পাকিস্তান অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে মুখপাত্র উল্লেখ করেন। পাশাপাশি, হরমুজ প্রণালী সংক্রান্ত চুক্তিটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রযুক্তিগত স্তরের আলোচনা পুনরায় শুরুর পথ সুগম করবে বলে পাকিস্তান আশাবাদ ব্যক্ত করেছে।

Advertisement
বিজ্ঞাপন

আজাদ জম্মু ও কাশ্মীরের নির্বাচন নিয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্যকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র জানান, এই নির্বাচন অত্যন্ত স্বচ্ছ ও সাংবিধানিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে, যা ওই অঞ্চলের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। ভারতের এমন নেতিবাচক প্রচারণাকে কাশ্মীরের বর্তমান সংকট থেকে দৃষ্টি সরানোর অপচেষ্টা হিসেবে অভিহিত করে তিনি বলেন, ভারতের এ ধরনের মন্তব্যের কোনো নৈতিক ভিত্তি নেই।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের করা অভিযোগকেও কঠোর ভাষায় নাকচ করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে—এমন দাবি প্রত্যাখ্যান করে মুখপাত্র বলেন, বাংলাদেশের জনগণ নিজেদের অভ্যন্তরীণ বিষয় সমাধান করতে সম্পূর্ণ সক্ষম। এছাড়া ভারতের নিরাপত্তা হীনতার কারণে এ ধরনের বিভ্রান্তিকর বয়ান তৈরি করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%