AdvertisementAdvertisement

আজাদ কাশ্মীরের নির্বাচনে কারচুপির অভিযোগ রাজা পারভেজ আশরাফের

আজাদ কাশ্মীরের নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জ্যেষ্ঠ নেতা রাজা পারভেজ আশরাফ। রোববার ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনে পিপিপির পোলিং এজেন্ট ও ভোটারদের জোরপূর্বক ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, যা পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

রাজা পারভেজ আশরাফ দাবি করেন, আজাদ কাশ্মীরের প্রধান নির্বাচন কমিশনার তার দলের পক্ষ থেকে উত্থাপিত কোনো অভিযোগেরই সাড়া দেননি। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নির্বাচনের পরবর্তী ধাপগুলো কতটা নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, তা নিয়ে তিনি গভীর সংশয় প্রকাশ করেন।

Advertisement
বিজ্ঞাপন

পিপিপি নেতার ভাষ্যমতে, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা প্রধান নির্বাচন কমিশনারের প্রাথমিক দায়িত্ব হলেও, এক্ষেত্রে চরম ব্যর্থতা ও গাফিলতি পরিলক্ষিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পিপিপি গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভোটাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হলেও, সাম্প্রতিক নির্বাচনী ঘটনাপ্রবাহে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তা অত্যন্ত নেতিবাচক।

সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে নিহত কর্মী মুশতাক শাহর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। কেন্দ্রীয় সরকারে পাকিস্তান পিপলস পার্টি জোটসঙ্গী হিসেবে থাকলেও, রাজা পারভেজ আশরাফ স্পষ্ট করেন যে, এই রাজনৈতিক মিত্রতা কেবল পাকিস্তানের বৃহত্তর স্বার্থেই বজায় রাখা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%