আজমিরীগঞ্জে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে ৮৪ জনের আত্মসমর্পণ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে এক সাহসী ও ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন এলাকাবাসী। ‘মাদক ছাড়ো, না হয় শিবপাশা ছাড়ো’ এই কঠোর স্লোগানকে সামনে রেখে রোববার সন্ধ্যায় শিবপাশা নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকাটির ৮৪ জন মাদকাসক্ত ব্যক্তি আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন।
শিবপাশা মহল্লা কমিটির আয়োজিত এই অনুষ্ঠানে ওয়ার্ড নম্বর ১, ২ ও ৩-এর আত্মসমর্পণকারী ব্যক্তিরা মাদকের অন্ধকার জগৎ থেকে চিরতরে সরে আসার শপথ গ্রহণ করেন। উপস্থিত এলাকাবাসী এই উদ্যোগকে মাদকের বিরুদ্ধে একটি যুগান্তকারী সামাজিক আন্দোলন হিসেবে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই পরিবর্তনের মাধ্যমে এলাকায় দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও সামাজিক অবক্ষয় লাঘব হবে।
মহল্লা কমিটির পক্ষ থেকে মাদক ও চোর চক্রের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে ১০ হাজার টাকা এবং চুরির ঘটনায় জড়িত কাউকে ধরা পড়লে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে গ্রামটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার কঠোর বার্তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবপাশা মহল্লা কমিটির সভাপতি ডা. সাদেকুল আমীন চৌধুরী। তিনি বলেন, মাদক কেবল ব্যক্তি নয়, বরং একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। আত্মসমর্পণকারীদের নতুন জীবন গড়তে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। যারা এখনও অন্ধকার পথে রয়েছেন, তাদের খুব দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান থাকবে বলেও তিনি সতর্ক করেন।
স্থানীয়রা জানান, মাদকের প্রভাবে এলাকায় অস্থিরতা ও অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছিল, যা নিয়ে সচেতন মহল দীর্ঘদিন ধরে শঙ্কিত ছিল। মহল্লা কমিটির এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। মাদকবিরোধী এই কর্মযজ্ঞকে একটি চলমান সামাজিক আন্দোলন হিসেবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
