সিন্ধুতে ভারী বর্ষণ ও প্রাণহানি, জরুরি সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভারী বর্ষণ ও আকস্মিক দুর্যোগের ফলে সৃষ্ট পরিস্থিতিতে আটজনের প্রাণহানি ও সমসংখ্যক মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। দুযোগপূর্ণ এই পরিস্থিতিতে উদ্ধার, ত্রাণ কার্যক্রম এবং পানি নিষ্কাশন প্রক্রিয়া জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব বিভাগ ও জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
করাচিতে আয়োজিত এক জরুরি বৈঠকে পরিস্থিতির সার্বিক পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য সহ্য করা হবে না উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেন।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা পিডিএমএ-এর প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক বৃষ্টিপাতে হওয়া প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য তিনি প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়া দায়িত্ব পালনে অবহেলার দায়ে উমরকোটের টাউন অফিসারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করার আদেশ দেওয়া হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় ডেপুটি কমিশনার, স্থানীয় সরকার বিভাগ এবং জেলা প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং দুর্যোগকবলিত এলাকায় জরুরি সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সজাগ থাকতে বলা হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
