বেলুচিস্তানের তুরবতে অপহৃত ছয় শ্রমিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তুরবাত অঞ্চল থেকে অপহৃত ছয় শ্রমিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন আগে কালাতাক এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসীরা সাতজন শ্রমিককে অপহরণ করেছিল। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন।
বেলুচিস্তানের স্বরাষ্ট্র বিভাগের উপদেষ্টা বাবর ইউসুফজাই জানান, অপহৃতদের মধ্যে একজনকে অপহরণের পরপরই গুলি করে হত্যা করা হয় এবং বাকি ছয়জনকে জিম্মি করে নিয়ে যায় হামলাকারীরা। নিহতদের পরিচয় মোহাম্মদ আরশাদ, মোহাম্মদ তৈমুর, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ ওয়াজির, মোহাম্মদ আমজাদ ও মোহাম্মদ ইয়াহিয়া হিসেবে নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে চারজন পাঞ্জাব এবং দুইজন খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাসিন্দা ছিলেন।
এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরণের সহিংসতা বেলুচিস্তানের উন্নয়ন কর্মকাণ্ড ও সাধারণ শ্রমিকদের লক্ষ্যবস্তু করে চালানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এর আগে মাশকেইল অঞ্চলে অনুরূপ হামলায় আরও পাঁচজন অস্থানীয় শ্রমিক প্রাণ হারিয়েছিলেন।
ইতিমধ্যে, পাকিস্তানের উপকূলীয় শহর গোয়াদারে পুলিশ ১২ জন ব্যক্তিকে উদ্ধার করেছে, যাদের কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে পাঞ্জাব থেকে এনে জিম্মি করে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে বাহিরুদ্দিন, নাদির শাহ ও আব্দুল মজিদ নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে পাঁচটি গাড়িও জব্দ করা হয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এসব হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়েছে এবং নিরাপত্তা বাহিনী প্রদেশে জঙ্গি দমনে জোরদার অভিযান অব্যাহত রেখেছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ