বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৬ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবিরোধী ‘অপারেশন আজম’-এর গতি আরও জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই ধারাবাহিক অভিযানে অন্তত ১৬ জন জঙ্গি নিহত হয়েছে। একই সঙ্গে জঙ্গিদের বেশ কয়েকটি গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর উচ্চপর্যায়ের সূত্র অনুযায়ী, প্রদেশের কিল্লি কান্দ উমরানি, খাদ কোচা এবং মাস্তুংসহ বিভিন্ন দুর্গম এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সাথে সম্পৃক্ত জঙ্গিরা এসব অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। অভিযানের সময় তল্লাশি চালিয়ে জঙ্গিদের ব্যবহৃত গোলাবারুদ ও ধ্বংসাত্মক সরঞ্জাম জব্দ করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
কর্তৃপক্ষের ভাষ্যমতে, বেলুচিস্তানে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে পরিচালিত এই লড়াইয়ে কঠোর অবস্থানে রয়েছে পাকিস্তানর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রদেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিটি এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ