দিয়ামের জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা, বিচ্ছিন্ন কারাকোরাম মহাসড়ক ও জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের ডায়মার জেলায় প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গত রাতে অঞ্চলটির বিভিন্ন উপত্যকায় নেমে আসা ঢলে অসংখ্য বাড়িঘর, কৃষি জমি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো বিধ্বস্ত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে কারাকোরাম মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় শত শত যাত্রী আটকা পড়েছেন এবং অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, থোর উপত্যকার ছয়টিরও বেশি স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাহাড়ি ঢলের তোড়ে গাছপালা উপড়ে যাওয়ার পাশাপাশি অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু সেতু নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ছাড়া ব্যক্তিগত মালিকানাধীন তেরোটি ডাম্পার, একটি এক্সকাভেটর, একটি ক্রাশিং প্ল্যান্ট এবং দুটি পানির ট্যাঙ্কার ভেসে গেছে।

খানবারি ও নিয়াত অঞ্চলেও বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। সেখানে আবাদি জমি, ফসল এবং সংযোগ সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বনয়ার দাস এলাকায় বন্যা পরিস্থিতির কারণে কারাকোরাম মহাসড়কের গনার ফার্ম নার্সারি সংলগ্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়া পর্যটক, নারী, শিশু ও প্রবীণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

দুর্গত এলাকায় মানবিক সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং বিদ্যুৎ সংযোগ মেরামতের দাবি জানিয়েছেন। পাকিস্তানর স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি উদ্ধারকারী দল ইতোমধ্যেই মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছে। সড়ক থেকে ভূমিধসের ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে পাকিস্তানর সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%