দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণে একমত পাকিস্তান ও কানাডা

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পাকিস্তান ও কানাডা পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার ব্যক্ত করেছে। সোমবার ইসলামাবাদে পাকিস্তানর উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক ভূ-রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
বৈঠকে উভয় নেতা দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন। পাকিস্তানর উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বৈঠকে কানাডার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তান তার পররাষ্ট্রনীতিতে সক্রিয় কূটনীতিতে বিশ্বাসী এবং দুই দেশের মধ্যে অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিপুল সম্ভাবনা রয়েছে।
ইসহাক দার আরও উল্লেখ করেন যে, কানাডায় বসবাসরত পাকিস্তানি বংশোদ্ভূতরা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি অমূল্য সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন যে, কানাডার পররাষ্ট্রমন্ত্রীর এই সফর পাকিস্তান ও কানাডার মধ্যকার বিদ্যমান সহযোগিতার সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে এবং অগ্রাধিকারমূলক খাতগুলোতে উন্নয়নের পথ প্রশস্ত হবে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ উষ্ণ আতিথেয়তার জন্য পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, কানাডা পাকিস্তানর সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি উল্লেখ করেন যে, কানাডায় বসবাসরত ৩ লক্ষাধিক পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক দুই দেশের মৈত্রীর বন্ধনকে আরও শক্তিশালী করে তুলেছেন।
বৈঠকে কৃষি, শিল্পসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে যৌথ বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। অনিতা আনন্দ বলেন, বৈশ্বিক অর্থনীতিতে পাকিস্তান ও কানাডা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সক্ষমতা রাখে। এছাড়া এই সফরে তিনি পাকিস্তানর শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের মধ্যকার বহুমুখী সম্পর্কের উন্নয়নে আরও গঠনমূলক আলোচনার পরিকল্পনা রেখেছেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
