করাচিতে চিকিৎসক হত্যায় জড়িত তিন অপরাধী গ্রেফতার

করাচির ফ্রেয়ার এলাকায় চিকিৎসক আকাশকে হত্যার ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ অঞ্চলের ডিআইজি আসাদ রাজা এ তথ্য নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও গাড়িটিও জব্দ করা হয়েছে।
ডিআইজি আসাদ রাজা জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তদন্তকারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করতে সক্ষম হন, যা খুনিদের শনাক্ত করতে সহায়ক ভূমিকা পালন করেছে। সিআইএ ডিআইজি মুকাদ্দাস হায়দারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি জানান, মূলত ডাকাতির উদ্দেশ্যে চালানো হামলায় ওই চিকিৎসক নিহত হন।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা আক্রমণের আগে থেকে ভুক্তভোগীর ওপর নজরদারি করছিল। অপরাধীদের একজন ব্যাংকের সামনে অবস্থান নিয়ে আকাশ নামের ওই চিকিৎসকের আগমনের খবর তার সহযোগীদের জানিয়ে দিলে তারা পরিকল্পিতভাবে ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটায়।
পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে একশটিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছে। জব্দ করা ফুটেজ পর্যালোচনা করেই অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়। অপরাধীরা অপরাধ সংঘটনের সময় মোটরসাইকেল ও গাড়ি উভয়ই ব্যবহার করেছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।
ডিপেন্স পুলিশ স্টেশনের এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে লুট করা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ সামগ্রিক ঘটনাটির তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানর পুলিশ প্রশাসন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ