খাইবার পাখতুনখাওয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স চালুর উদ্যোগ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রথমবারের মতো ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স সেবা চালু করা হয়েছে। এই নতুন ব্যবস্থার আওতায় এখন থেকে মোটরযান চালকরা তাদের মুঠোফোনের মাধ্যমেই বৈধ ড্রাইভিং লাইসেন্স সংরক্ষণ ও প্রদর্শন করতে পারবেন। প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এমন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় ট্রাফিক পুলিশ।

বিজ্ঞাপন

পেশোয়ারের চিফ ট্রাফিক অফিসার ড. জাহিদ উল্লাহ জানান, ‘রাবতা’ নামক মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নাগরিকরা এই ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন। ব্যবহারকারীরা জাতীয় পরিচয়পত্র নম্বর ও লাইসেন্স নম্বর প্রদান করলেই কয়েক সেকেন্ডের মধ্যে তাদের বৈধ ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপে প্রদর্শিত হবে। ফলে ট্রাফিক পুলিশ কর্তৃক তল্লাশির সময় চালকদের সঙ্গে শারীরিক লাইসেন্স বহন করার আর প্রয়োজন হবে না।

ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ খাইবার পাখতুনখোয়া সরকারের ডিজিটাল সুশাসন নীতির অংশ। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জনসেবাকে দ্রুততর ও সহজলভ্য করাই এর মূল লক্ষ্য। এর আগে পেশোয়ার ট্রাফিক পুলিশ বিদেশগামী যাত্রীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের সুবিধা চালু করেছিল, যা এরই মধ্যে হাজারো আবেদনকারীর উপকারে এসেছে।

ড. জাহিদ উল্লাহ আরও জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার অপ্রয়োজনীয় দাপ্তরিক ঝক্কি ও কাগজপত্রের ঝামেলা কমিয়ে নাগরিকদের মূল্যবান সময় বাঁচাবে। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ঘরে বসেই সব ধরনের নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে পর্যায়ক্রমে সরকারি আরও অনেক সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%