পাওয়া না পাওয়া বকেয়া ৩০০ রুপি প্রাণ কাড়ল সাবেক কর্মীর

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বকেয়া বেতনের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক দোকানদারের ছুরিকাঘাতে তারই সাবেক এক কর্মচারী নিহত হয়েছেন। সোমবার সংঘটিত এই লোমহর্ষক হত্যাকাণ্ডের পর অভিযুক্ত দোকানদার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হায়দারের সঙ্গে অভিযুক্ত দোকানদার উমায়েরের দূর সম্পর্কের আত্মীয়তার সম্পর্ক ছিল।
প্রাথমিক তদন্তে জানা যায়, হায়দার কয়েক দিন আগে উমায়েরের দোকান থেকে চাকরি ছেড়ে দিয়েছিলেন। বকেয়া ৩শ পাকিস্তানি রুপি পাওনা থাকায় সোমবার তিনি তা আদায়ের জন্য উমায়েরের দোকানে যান। এ সময় দুইজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে বিষয়টি উত্তপ্ত পরিস্থিতির দিকে মোড় নেয়।
একপর্যায়ে উত্তেজিত হয়ে দোকানদার উমায়ের ধারালো ছুরি দিয়ে হায়দারের ওপর এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হায়দারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
ঘটনার পরপরই অভিযুক্ত উমায়ের কৌশলে এলাকা ত্যাগ করায় তাকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং কেন এমন নৃশংস ঘটনার সূত্রপাত হলো তা বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
