পাকিস্তানের বিনিয়োগ খাতে তুর্কি উদ্যোক্তাদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

ইস্তাম্বুলে সরকারি সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তুরস্কের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে একাধিক বৈঠকে পাকিস্তানের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। জ্বালানি, খনিজ সম্পদ, অবকাঠামো, সামুদ্রিক পরিষেবা, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, উৎপাদন শিল্প, কৃষি এবং বেসরকারিকরণসহ অর্থনীতির নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তুরস্কের বিনিয়োগকারীদের স্বাগত জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুই দেশের দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বিদ্যমান শক্তিশালী রাজনৈতিক সম্পর্ককে গভীর অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্বে রূপান্তর করার এখনই উপযুক্ত সময়। পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক সূচকের ইতিবাচক পরিবর্তন এবং চলমান সংস্কারমূলক কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন যে, পাকিস্তান সরকার একটি স্বচ্ছ, পূর্বাভাসযোগ্য ও ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিনিয়োগকারীদের সুবিধার্থে পাকিস্তানের বিশেষ বিনিয়োগ সহায়তা কাউন্সিল বা এসআইএফসি স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সব ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা ও ‘ওয়ান-উইন্ডো’ সুবিধা প্রদান অব্যাহত রেখেছে বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে চালিক হোল্ডিংয়ের চেয়ারম্যান আহমেত চালিকের সাথে বৈঠকে পাকিস্তানের জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি। আলবায়ক গ্রুপের প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠকে সামুদ্রিক অবকাঠামো ও বন্দর আধুনিকায়নসহ লজিস্টিক খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
তুরস্কের ইউনিয়ন অফ চেম্বার্স অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জের সভাপতির সাথে বৈঠকের সময় দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত যোগাযোগ স্থাপনের লক্ষ্যে একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা তৈরির প্রস্তাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি তুর্কি ব্যবসায়ীদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। তুরস্কের ব্যবসায়িক নেতারা পাকিস্তানের অর্থনীতির ক্রমোন্নতির বিষয়ে আস্থা প্রকাশ করেছেন এবং কৌশলগত বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের আগ্রহ ব্যক্ত করেছেন।
উল্লেখ্য যে, গত সপ্তাহে ইস্তাম্বুলে উচ্চপর্যায়ের আলোচনার সময় পাকিস্তান ও তুরস্কের মধ্যে বিদ্যুৎ খাতে কারিগরি সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের লক্ষ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর জানাজায় অংশগ্রহণের পর তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ানের আমন্ত্রণে শুক্রবার পাকিস্তানর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তুরস্কে পৌঁছান।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
