আগামী সপ্তাহে কিরগিজস্তান সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি আগামী সপ্তাহে কিরগিজস্তানে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে মধ্য এশিয়ার এই দেশটিতে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অবস্থানকালে পাকিস্তানের রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এই আলোচনায় দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন ইস্যু প্রাধান্য পাবে বলে জানা গেছে।
সফরের অংশ হিসেবে আসিফ আলী জারদারি বিশকেকের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগকারী বীরদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করবেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
