AdvertisementAdvertisement

লামায় সড়ক ও ব্রিজ নির্মাণে অনিয়ম ও ধীরগতিতে চরম জনদুর্ভোগ

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী-চাককাটা সড়কের উন্নয়ন কাজ ও ব্রিজ নির্মাণে ভয়াবহ অনিয়ম এবং চরম ধীরগতির অভিযোগ উঠেছে। উন্নয়ন কর্মকাণ্ড থমকে থাকায় শিক্ষার্থী, মুমূর্ষু রোগী ও গর্ভবতী নারীদের চলাচলে সৃষ্টি হয়েছে অবর্ণনীয় দুর্ভোগ। উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে না পেরে স্থানীয় কৃষকরাও পড়ছেন চরম আর্থিক ক্ষতির মুখে।

২০২৫-২০২৬ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় তিন কোটি টাকা ব্যয়ে দুই কিলোমিটার সড়ক কার্পেটিংয়ের কাজ পায় চুয়াডাঙ্গার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ কন্সট্রাকশন। তবে বাস্তবে কাজটি নিয়ন্ত্রণ করছেন বান্দরবানের ঠিকাদার মেহেদী হাসান। অভিযোগ রয়েছে, কাজের শুরুতে স্কুলপাড়া এলাকার সচল একটি ব্রিজ ভেঙে এর মূল্যবান রড ও ইট বিক্রি করে দিয়েছেন তিনি। এছাড়া নির্মাণকাজে বালুর পরিবর্তে পাহাড়ের মাটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও উঠেছে।

Advertisement
বিজ্ঞাপন

বর্তমানে সড়কটির কাজ মাঝপথে বন্ধ থাকায় বর্ষার কবলে পড়ে এটি কাদামাটির স্তূপে পরিণত হয়েছে। যাতায়াতের প্রধান মাধ্যম না থাকায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে কাঠ ও বাঁশের নড়বড়ে সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সামান্য বৃষ্টিতেই পাহাড়ি ঢলে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় কয়েক হাজার মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, সড়ক জুড়ে বড় বড় গর্ত ও নালা তৈরি হয়েছে, যার ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন, শহিদুল ইসলাম ও জাহাঙ্গীরসহ ভুক্তভোগীরা জানান, ঠিকাদার মেহেদী হাসান কাজ অসম্পূর্ণ রেখে গা ঢাকা দিয়েছেন। বর্ষার আগেই কাজ শেষ করার সুযোগ থাকলেও তিনি তা না করে জনদুর্ভোগ চরমে ঠেলে দিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন মজুমদার দ্রুত সড়ক ও ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ঠিকাদার মেহেদী হাসানের দাবি, বর্ষার কারণে কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং দ্রুত তা পুনরায় শুরু করা হবে।

এ বিষয়ে লামা উপজেলা প্রকৌশলী আবু হানিফ জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন এবং ঠিকাদারের সাথে যোগাযোগ চলছে। জনভোগান্তি নিরসনে দ্রুততম সময়ের মধ্যে সড়ক ও ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ ঘটনায় স্থানীয়রা ঠিকাদারের গাফিলতির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%