লাহোর হাইকোর্টে বিচারক নিয়োগের জন্য ১১ আইনজীবীর নাম প্রস্তাব করেছেন প্রধান বিচারপতি আলিয়ার নিলুম

লাহোর হাইকোর্টের ১০টি শূন্য পদে বিচারক নিয়োগের লক্ষ্যে ১১ জন জ্যেষ্ঠ আইনজীবীর নাম সুপারিশ করেছেন আদালতটির প্রধান বিচারপতি আলিয়া নীলম। বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং বিচারাধীন মামলার জট নিরসনের লক্ষ্যেই পাকিস্তান জুডিশিয়াল কমিশনের কাছে এই তালিকা জমা দেওয়া হয়েছে।
পাকিস্তান জুডিশিয়াল কমিশনের নির্দেশনা অনুযায়ী, গত ৪ জুলাইয়ের মধ্যে এই পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। প্রধান বিচারপতি আলিয়া নীলম অত্যন্ত সতর্কতার সঙ্গে পেশাগত দক্ষতা, সততা এবং স্বচ্ছ ভাবমূর্তির অধিকারীদের এই তালিকার জন্য নির্বাচন করেছেন।
সুপারিশকৃত ১১ জন আইনজীবীর মধ্যে রয়েছেন ইসলামাবাদের প্রসিকিউটর জেনারেল গোলাম সারওয়ার নাহাং, পাঞ্জাবের প্রসিকিউটর জেনারেল সৈয়দ ফরহাদ আলী শাহ, পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল আমজাদ পারভেজ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ বাজওয়া। এছাড়া জ্যেষ্ঠ আইনজীবী মুনওয়ার ডোগাল, শিরিন ইমরান, কাশিফ রাজওয়ানা, মুহাম্মদ আজমল, উসমান জি. রশিদ চিমা, খালিদ ইবনে আজিজ এবং আমির আজমকেও মনোনয়ন দেওয়া হয়েছে।
এখন পাকিস্তান জুডিশিয়াল কমিশন প্রস্তাবিত নামগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করবে। কমিশনের চূড়ান্ত অনুমোদন এবং সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই লাহোর হাইকোর্টের বিচারক বেঞ্চে এই ১০টি শূন্য পদ পূরণ করা হবে। আদালতের কার্যভার লাঘব এবং বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
