পাকিস্তানের কারাগার ব্যবস্থায় আসছে ব্যাপক সংস্কার ঘোষণা আইনমন্ত্রীর

পাকিস্তানের সামগ্রিক কারা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বর্তমান সরকার। বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে সুপ্রিম কোর্টে আয়োজিত কারা সংস্কার বিষয়ক এক জাতীয় সম্মেলনে আইন ও বিচারমন্ত্রী আজম নাজির তারার এই ঘোষণা দেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, আইনের শাসন প্রতিষ্ঠায় পাকিস্তান সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আনাই এই সংস্কারের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী আজম নাজির তারার জানান, বন্দিদের প্রতি বৈষম্যহীন আচরণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, সংস্কারের এই উদ্যোগগুলো তাদের জন্য স্বস্তি বয়ে আনবে, যারা দীর্ঘ সময় ধরে পরিবার-পরিজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বন্দিদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় রেখে এই পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কারাগারে বন্দিদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করার ওপরও জোর দেন আইনমন্ত্রী। তিনি বলেন, কারা অভ্যন্তরের প্রচলিত রুগ্‌ণ সংস্কৃতি পরিবর্তন করা এখন সময়ের দাবি। আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে কারা আইনগুলো ঢেলে সাজানোর মাধ্যমে পুরো ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তুলতে পাকিস্তান সরকার কাজ করে যাচ্ছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%