হাতিয়ায় পানিবন্দী মানুষের পাশে উপজেলা ছাত্রদল

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও জোয়ারের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানবিক সহায়তা নিয়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদলের একদল নেতাকর্মী।
শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন দুর্গত এলাকায় ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন সংগঠনের সদস্যরা। বিশেষ করে তমরদ্দি ইউনিয়নের বলিরপোল এবং চরকিং ইউনিয়নের চর বগুলা এলাকায় তিন শতাধিক পরিবারের হাতে বিস্কুট, চিড়া ও মুড়িসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু এবং হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
টানা বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে হাতিয়া উপজেলা ও পৌরসভার ১১টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের এমন উদ্যোগ দুর্গত মানুষের মাঝে সাময়িক স্বস্তি ফিরিয়ে আনলেও, দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।