কায়রোয় তুরস্ক, মিশর ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইসহাক দারের বৈঠক

কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে মিশর সফর করছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেওয়ার লক্ষ্যে শনিবার তিনি কায়রোতে পৌঁছালে তাকে স্বাগত জানান মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিনির্ধারণ, গবেষণা ও সংকট ব্যবস্থাপনা বিভাগের সহকারী মন্ত্রী নজিহ আল নাগারি এবং মিশরে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আমির শওকত।
সফরকালে শনিবার বিকেলে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তুরস্ক, মিশর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নীল নদের তীরে আয়োজিত এই ঘরোয়া আয়োজনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার মিশরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেলকে আতিথেয়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হওয়ায় তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরের অংশ হিসেবে ইসহাক দার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আর-৪ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্থ এই সম্মেলনে তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক নানা ঘটনাবলি নিয়ে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা তাদের মতামত বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ