বাহরাইনে বহুতল ভবন থেকে পড়ে মৌলভীবাজারের প্রবাসী শ্রমিকের মৃত্যু

বাহরাইনে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় ওপর থেকে নিচে পড়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মো. জসিম মিয়া (৩০) নামের এক প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে বাহরাইনে কর্মরত থাকা অবস্থায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জসিম মিয়া কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের আব্দুল গফফার ও সামারুন বেগম দম্পতির বড় সন্তান ছিলেন।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে জীবিকার সন্ধানে বাহরাইনে অবস্থান করছিলেন জসিম মিয়া। সেখানে তিনি একটি নির্মাণ প্রতিষ্ঠানে রাজমিস্ত্রির পেশায় নিয়োজিত ছিলেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও তিনি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করতে যান। কাজ করার এক পর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মো. ফটিক আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। জসিম মিয়ার এমন আকস্মিক মৃত্যুতে ডরিতাজপুর গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। পরিবারের একমাত্র বড় সন্তানকে হারিয়ে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্বজনরা জসিম মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের জরুরি সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও নিহতের পরিবারকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%