শান্তি চুক্তির সফলতায় শাহবাজকে যুবরাজ মোহাম্মদের অভিনন্দন, আসিম মুনীরের ভূমিকার প্রশংসা

ইসলামাবাদ শান্তি চুক্তির সফল বাস্তবায়নের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন। দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক টেলিফোন সংলাপে এই ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসীম মুনীরের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করা হয়েছে।

বিজ্ঞাপন

ফোনালাপে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার পেছনে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর বলিষ্ঠ ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন। তিনি পাকিস্তানের শান্তি উদ্যোগের প্রতি রিয়াদের ধারাবাহিক সমর্থনের জন্য যুবরাজের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

জবাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, এই যুগান্তকারী চুক্তির সফল সমাপ্তিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসীম মুনীরের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই নেতা আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সাফল্য নিশ্চিত করার বিষয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন এবং এই সংলাপ প্রক্রিয়াকে ব্যাহত করার যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকার ওপর জোর দেন।

বৈঠকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি জানান, খুব শিগগিরই সৌদি যুবরাজের তত্ত্বাবধানে দুই দেশের মধ্যে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক প্যাকেজ চূড়ান্ত ও স্বাক্ষরিত হবে।

বিজ্ঞাপন

কথোপকথনের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি যুবরাজকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় নিজের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%