আজাদ কাশ্মীরের সংকট নিরসনে আলোচনার আহ্বান নওয়াজ শরীফের

আজাদ জম্মু ও কাশ্মীরের বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি নওয়াজ শরিফ। লাহোরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে পিএমএল-এন এর কেন্দ্রীয় নেতৃত্ব এবং আজাদ জম্মু ও কাশ্মীরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, যেখানে অঞ্চলটির বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির সামগ্রিক পর্যালোচনা করা হয়।
নওয়াজ শরিফ জোর দিয়ে বলেন, কাশ্মীর ইস্যুতে পিএমএল-এন বরাবরই অবিচল এবং স্পষ্ট অবস্থানে রয়েছে। জাতিসংঘে গৃহীত প্রস্তাবনার আলোকে জম্মু ও কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রাপ্তির প্রতি তিনি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ১৯৭৪ সালের অন্তর্বর্তীকালীন সংবিধান অনুযায়ী কাশ্মীরের জনগণ পূর্ণ নাগরিক স্বাধীনতার অধিকারী এবং তাদের কল্যাণে সকল প্রকার রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
অঞ্চলটির চলমান রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে নওয়াজ শরিফ পরামর্শ দেন যে, যেকোনো ধরনের অধিকার আদায়ের সংগ্রাম অবশ্যই সাংবিধানিক কাঠামোর ভেতরেই হওয়া উচিত। পাকিস্তানের জন্য কাশ্মীরের জনগণের সীমাহীন ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই ত্যাগকে পাকিস্তান সবসময় নিজেদের সংগ্রামের অংশ হিসেবেই বিবেচনা করে এসেছে।
শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে নওয়াজ শরিফ কাশ্মীরিদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে অর্থবহ আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, আজাদ জম্মু ও কাশ্মীরের সরকার এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। এছাড়া, আসন্ন নির্বাচনী প্রক্রিয়াকে এগিয়ে নিতে কাশ্মীরি জনগণ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ