মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে টেক্সাসে রিপাবলিকান দলের প্রথম কনভেনশনের ঘোষণা ট্রাম্পের

আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো ‘মিডটার্ম কনভেনশন’ বা মধ্যবর্তী সম্মেলনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ডালাসে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর এই ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ট্রাম্পের দাবি, রাজনৈতিক ইতিহাসে এমন উদ্যোগ আগে কখনো নেওয়া হয়নি এবং এটি দলীয় সাফল্যের প্রদর্শনী হিসেবে কাজ করবে।

নভেম্বরের ৩ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে এমন আয়োজন নিয়ে দলের ভেতরেই মৃদু অস্বস্তি রয়েছে। সমালোচকদের আশঙ্কা, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই সম্মেলন আয়োজনের ফলে মূল নির্বাচনী এলাকাগুলো থেকে অর্থ ও জনবল সরিয়ে নিতে হতে পারে, যা নির্বাচনী ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামার এই সময়ে সম্মেলনটি তাকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে আসবে। দ্য ইকোনমিস্ট এবং ইউগোভের তথ্যমতে, বর্তমানে ৫৮ শতাংশ মার্কিনি প্রেসিডেন্টের কর্মকাণ্ডে সন্তুষ্ট নন।

সম্মেলনের মাধ্যমে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের সাফল্যগাথা তুলে ধরতে চান। এর মধ্যে রয়েছে ‘বখশিসের ওপর করমুক্তি’ সুবিধা, যার আওতায় ২৫ হাজার ডলার পর্যন্ত বখশিসের ওপর ছাড় পাওয়া যাবে এবং জীবাশ্ম জ্বালানি খাতের নিয়ন্ত্রণ শিথিল করে ‘জ্বালানি আধিপত্য’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। ট্রাম্পের ভাষায়, দশকের পর দশক ধরে রাজনীতিবিদরা যেসব বিষয়ে কেবল প্রতিশ্রুতি দিয়ে গেছেন, তার প্রশাসন সেগুলো বাস্তবে রূপান্তর করছে। সম্মেলনে ব্যাপক বিনোদনের ব্যবস্থাও থাকবে বলে তিনি জানিয়েছেন, তবে এর বিস্তারিত এখনো স্পষ্ট করা হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনকে জাতীয়করণ করার চেষ্টা করছেন, যাতে তার নিজের অবস্থানকে কেন্দ্রবিন্দুতে রাখা যায়। বর্তমান কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা খুবই সামান্য। যদি ডেমোক্র্যাটরা কোনোভাবে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তবে ট্রাম্পের শেষ দুই বছরের মেয়াদ আইন প্রণয়নের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়বে। এমনকি তৃতীয়বারের মতো অভিশংসনের ঝুঁকিতে পড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন ট্রাম্প।

দীর্ঘদিন ধরে এ ধরনের সম্মেলনের ধারণাটি ট্রাম্পের মাথায় ছিল। সাধারণত দলীয় সম্মেলন কেবল প্রেসিডেন্ট নির্বাচনের সময় অনুষ্ঠিত হয়। রিপাবলিকান ন্যাশনাল কমিটি গত জানুয়ারিতে এই প্রথা ভেঙে সম্মেলনের অনুমতি দেয়। ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে এ উদ্যোগকে সম্পদের অপচয় ও অপ্রাসঙ্গিক হিসেবে অভিহিত করা হয়েছে। টেক্সাসের নির্বাচনী রাজনীতির প্রেক্ষাপটে এই সম্মেলনকে রিপাবলিকানদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: আল জাজিরা

০%
০%
০%
০%