হামাস নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল, ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর

গাজার শান্তি পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত খসড়া সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কোনোভাবেই তাদের অবস্থান প্রত্যাহার করবে না।
গত মাসে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সমর্থন পাওয়া ১৫ দফা সম্বলিত ওই শান্তি পরিকল্পনাকে ইসরায়েল কোনোভাবেই মেনে নেবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন নেতানিয়াহু। তার মতে, ইসরায়েলি ভূখণ্ড ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং বাহিনী প্রত্যাহার করার প্রশ্নই ওঠে না।
এর আগে মার্কিন নেতৃত্বাধীন বোর্ড অব পিসের পরিচালক নিকোলে ম্লাদেনভ ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যকার বৈঠকের পর সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল, হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের শর্তেই গাজা থেকে সেনা সরানোর বিষয়টি বিবেচনা করা হবে। তবে নেতানিয়াহুর সাম্প্রতিক এই মন্তব্য সেই শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
উল্লেখ্য যে, গত অক্টোবরে হামাসের সাথে তথাকথিত যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার পরেও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা প্রায় প্রতিদিন অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও ইসরায়েলের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনের পথকে আরও সংকীর্ণ করে তুলছে।
তথ্যসূত্র: আল জাজিরা
