ডার্ক প্যাটার্নের ফাঁদ, গ্রাহক ঠকানোয় ৯ ডিজিটাল প্ল্যাটফর্মকে জরিমানা কেন্দ্রের

অনলাইন কেনাকাটা কিংবা পরিষেবা গ্রহণের ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কারসাজি রুখতে কঠোর অবস্থানে ভারত সরকার। প্রলুব্ধকর অফারের আড়ালে গ্রাহককে বিভ্রান্ত করে বাড়তি অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল বা ‘ডার্ক প্যাটার্ন’ ব্যবহারের দায়ে দেশের ৯টি শীর্ষস্থানীয় ডিজিটাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। রাজ্যসভায় এক লিখিত জবাবে সরকার জানিয়েছে, অনিয়মের দায়ে অভিযুক্ত এই প্রতিষ্ঠানগুলো থেকে সর্বমোট ২০ লক্ষ টাকার জরিমানা আদায় করা হয়েছে।
সাধারণত অনলাইন লেনদেনের সময় পেমেন্ট করার ঠিক আগ মুহূর্তে গ্রাহকের অজান্তেই অদৃশ্য ‘হ্যান্ডলিং ফি’, প্রিমিয়াম মেম্বারশিপ চার্জ কিংবা পরিষেবা ফি বিলের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। এই কৌশলের মাধ্যমে গ্রাহকের সিদ্ধান্তকে প্রভাবিত ও প্রতারিত করার অভিযোগে বিমান সংস্থা ইন্ডিগো, স্পাইসজেট, কুইক-কমার্স প্ল্যাটফর্ম জেপ্টো, অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ফিজিক্স ওয়ালা ও ফার্স্টক্রাইয়ের মতো নামী কোম্পানিগুলো এই তালিকায় উঠে এসেছে।
জনপ্রিয় কুইক-কমার্স প্ল্যাটফর্ম জেপ্টোর বিরুদ্ধে অভিযোগ, কেনাকাটার শুরুতে কম দাম দেখিয়ে চেক-আউটের সময় স্বয়ংক্রিয়ভাবে হ্যান্ডলিং চার্জ ও মেম্বারশিপ ফি যুক্ত করা হচ্ছিল। এই প্রবণতাকে ‘ডিপ প্রিসিং’ ও ‘বাস্কেট স্নিকিং’ আখ্যা দিয়ে সংস্থাটিকে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে কর্তৃপক্ষ। চাপের মুখে জেপ্টো কর্তৃপক্ষ এই বিতর্কিত ফিচারটি বন্ধ করতে বাধ্য হয়েছে। অনুরূপ অভিযোগে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ফিজিক্স ওয়ালাকেও ৫ লক্ষ টাকা জরিমানা গুনতে হয়েছে, কারণ তাদের অ্যাপে গ্রাহকের সম্মতি ছাড়াই অনুদানের অর্থ যোগ করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য সংগ্রহের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল।
টিকিট বুকিং প্ল্যাটফর্ম বুকমাইশো-এর ক্ষেত্রেও একই ধরনের কারসাজি ধরা পড়ে, যেখানে চ্যারিটি উদ্যোগের নামে গ্রাহকের অজান্তে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হতো। এছাড়া ইন্ডিগো বিমান সংস্থার অ্যাপে বিমা বা অতিরিক্ত পরিষেবা না নিলে গ্রাহককে মানসিকভাবে চাপে ফেলার জন্য ‘আমি ঝুঁকি নিচ্ছি’র মতো উস্কানিমূলক বার্তা ব্যবহার করা হতো, যা সরকারি হস্তক্ষেপে এখন পরিবর্তন করা হয়েছে। সিসিপিএ-র নজরদারির মুখে পড়ে এখন সাধারণ ও স্বচ্ছ বার্তা প্রদর্শনে বাধ্য হয়েছে সংস্থাটি।
এই তালিকার অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ফার্স্টক্রাইকে ২ লক্ষ, অনুজ জিন্দল ডট ইন-কে ৩ লক্ষ এবং ফার্মইজি, ম্যাকাফি ও স্পাইসজেট-কে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের জুন মাসেই ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল। এরপরও যারা নিয়ম লঙ্ঘন করে গ্রাহকদের সাথে প্রতারণা চালিয়েছে, তাদের বিরুদ্ধেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরণের ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সরকার আরও কঠোর নজরদারি বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
