AdvertisementAdvertisement

পিআইএ নয় এয়ার ইন্ডিয়ার হাল ধরলেন টেওল্ডে গেব্রেমারিয়াম

টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইথিওপীয় বিমান পরিবহন খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব টেওল্ডে গেব্রেমারিয়াম। তবে ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এই নিয়োগের নেপথ্যে রয়েছে এক নাটকীয় সমীকরণ। এয়ার ইন্ডিয়ায় যোগ দেওয়ার ঠিক আগমুহূর্তে তিনি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) শীর্ষ পদ অলংকৃত করার দ্বারপ্রান্তে ছিলেন।

প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ব্যবস্থাপনার দায়িত্ব আরিফ হাবিব গ্রুপের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের হাতে যাওয়ার পর টেওল্ডেকে প্রধান হিসেবে নিয়োগের পরিকল্পনা করা হয়েছিল। পাকিস্তানের রাষ্ট্রীয় সংস্থাটি তাঁর নিয়োগ ঘোষণার আগে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্রের অপেক্ষায় ছিল। সেই সময়ক্ষেপণের সুযোগটিই কাজে লাগিয়ে দ্রুততার সঙ্গে তাঁকে নিয়োগ সম্পন্ন করে ভারতের টাটা গোষ্ঠী।

Advertisement
বিজ্ঞাপন

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন নতুন এই শীর্ষ কর্মকর্তার ওপর গভীর আস্থা প্রকাশ করেছেন। তাঁর মতে, বিশ্বের অন্যতম লাভজনক ও দক্ষ বিমান পরিবহন সংস্থা গড়ে তোলার ক্ষেত্রে টেওল্ডের যে অনন্য অভিজ্ঞতা রয়েছে, তা এয়ার ইন্ডিয়াকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সামনের সারিতে রাখবে। ভারতের এই ঐতিহ্যবাহী বিমান সংস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই তাঁকে বেছে নিয়েছে টাটা গোষ্ঠী।

টেওল্ডে গেব্রেমারিয়াম দীর্ঘ এক দশক ইথিওপিয়ান এয়ারলাইন্সের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত তাঁর বলিষ্ঠ নেতৃত্বে সংস্থাটি আফ্রিকার বৃহত্তম বিমান পরিবহন গ্রুপে রূপান্তরিত হয়। তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনায় আদ্দিস আবাবা মহাদেশের অন্যতম প্রধান এভিয়েশন হাব হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিমানের বহর ও আন্তর্জাতিক রুটের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%