লন্ডনে হলদিরামসের রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ বিদ্যুৎ বিভ্রাটের কারণে

লন্ডনের প্রাণকেন্দ্র লেস্টার স্কয়ারে যাত্রা শুরুর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সাময়িকভাবে কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জনপ্রিয় ভারতীয় খাবারের ব্র্যান্ড ‘হলদিরাম’স ইউকে’। প্রতিষ্ঠানটির দাপ্তরিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নয়নমূলক কাজের স্বার্থে রেস্তোরাঁটি আপাতত বন্ধ রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ইউকে পাওয়ার নেটওয়ার্কস বা ইউকেপিএন-এর পক্ষ থেকে পরিকল্পিত বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নোটিশে উল্লেখ করা হয়েছে যে, পরিকাঠামোগত এই আপগ্রেডের কারণে রেস্তোরাঁর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে এটি কোনো অভ্যন্তরীণ ত্রুটি নয় বরং কর্তৃপক্ষের পূর্বনির্ধারিত উন্নয়নমূলক কাজ বলে স্পষ্ট করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
চলতি বছরের জুন মাসে লন্ডনের ১৯-২০ আরভিং স্ট্রিটে ৩ হাজার বর্গফুট জায়গা জুড়ে যাত্রা শুরু করেছিল হলদিরামস। ১২০ জনের আসন সংখ্যা এবং বিশেষ রিটেল সেকশন সমৃদ্ধ এই রেস্তোরাঁটি উদ্বোধনের পর থেকেই ভোজনরসিকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। ছোলে ভাটুরে ও রাজ কচুরির মতো জনপ্রিয় মেনুর পাশাপাশি ফিউশন ডেজার্টের জন্য এই আউটলেটটি দ্রুতই লন্ডনের প্রবাসী ভারতীয়দের পছন্দের গন্তব্য হয়ে ওঠে।
সাময়িকভাবে রেস্তোরাঁটি বন্ধ থাকলেও পুনরায় খোলার সুনির্দিষ্ট কোনো তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের ধৈর্য ধারণের জন্য ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নজর রাখার অনুরোধ করেছে। খুব দ্রুতই স্বাভাবিক পরিষেবা নিয়ে তারা ফিরে আসবে বলে বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
