এসএসসি-র আইনি প্যানেল থেকে বাদ পড়লেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য সময়টা একেবারেই অনুকূলে নেই। একুশে জুলাইয়ের জনসভায় দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ্যে মতবিরোধ এবং লোকসভা থেকে সাময়িক বরখাস্ত হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র গুরুত্বপূর্ণ মামলাগুলো থেকে অপসারিত হলেন তিনি। শুক্রবার কলকাতা হাইকোর্টে এসএসসি সংক্রান্ত মামলার শুনানির সময় বিষয়টি প্রকাশ্যে আসে, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে নতুন আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী ইন্দ্রনীল রায়কে দায়িত্ব নিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

এসএসসি-র দায়িত্ব গ্রহণ করা নতুন চেয়ারম্যান ও আইএএস কর্মকর্তা দুষ্মন্ত নারিয়ালা এই পরিবর্তনের নেপথ্যে মূল ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে। দায়িত্ব নেওয়ার পরই কমিশন ঢেলে সাজানোর প্রক্রিয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হওয়া ইন্দ্রনীল রায়ের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছেন আইনজীবী সুনীত রায়। এখন থেকে কমিশনের যাবতীয় আইনি লড়াইয়ে এই নতুন আইনি দলই প্রতিনিধিত্ব করবেন।

দীর্ঘদিন ধরে এসএসসির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আইনি লড়াই চালিয়ে আসছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে গত বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় থেকেই তাকে কমিশনের গুরুত্বপূর্ণ মামলাগুলোতে সচরাচর দেখা যাচ্ছিল না। নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতেই তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং শুক্রবার থেকে নতুন আইনজীবীরা আদালতের এজলাসে সওয়াল শুরু করেন। কেন এই আকস্মিক রদবদল করা হলো, সে বিষয়ে এসএসসি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।

উল্লেখ্য, রাজ্যে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে বড় ধরনের দুর্নীতির অভিযোগে এসএসসি-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিশেষ করে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ কেন্দ্র করেই আইনি টানাপোড়েন চলছে। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে অনুষ্ঠিত শুনানিতেও নতুন নিযুক্ত আইনজীবীরাই কমিশনের হয়ে আইনি যুক্তি উপস্থাপন করেন। সরকার পরিবর্তনের পর থেকেই আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে নানা মহলে জল্পনা চলছিল, যা শেষ পর্যন্ত সত্যে পরিণত হলো।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%