ভারত-নেপাল সীমান্তে মার্কিন প্রাক্তণ সেনাসদস্য গ্রেফতার

মণিপুরে ড্রোন বিশেষজ্ঞ ম্যাথ্যু ভ্যান ডায়েককে গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই ভারত-নেপাল সীমান্ত থেকে জর্ডন ব্রাউন নামে আরও এক মার্কিন নাগরিককে আটক করেছে ভারতের সশস্ত্র সীমা বল। মার্কিন সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সের সাবেক এই সদস্যকে উত্তর প্রদেশের সনৌলি সীমান্ত দিয়ে নেপালে প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে পাকড়াও করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, ধৃত জর্ডন ব্রাউন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দাবি করেছে, গত ২০২৫ সালের নভেম্বর মাসে সমুদ্রপথে সে ভারতে প্রবেশ করে এবং এতদিন গোয়ায় অবস্থান করছিল। তবে তার ভ্রমণের বিবরণ নিয়ে ধোঁয়াশা থাকায় এবং বারবার বয়ান বদল করায় গোয়েন্দাদের সন্দেহ আরও ঘনীভূত হয়।
নিজের অবস্থান সম্পর্কে ব্রাউন অসংলগ্ন তথ্য প্রদান করেছে। সে কখনো দাবি করেছে থাইল্যান্ডে পাসপোর্ট হারানোর পর শ্রীলঙ্কা হয়ে ভারতে এসেছে, আবার কখনো দাবি করেছে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে গোয়ায় এসেছে। এছাড়া বেঙ্গালুরু ও লখনউ হয়ে গোরক্ষপুর দিয়ে নেপাল সীমান্তে পৌঁছানোর যে বর্ণনা সে দিয়েছে, তা নিয়েও তদন্ত চালানো হচ্ছে। তার কাছে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
নিরাপত্তা বাহিনীকে ব্রাউন জানিয়েছে, সে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে পড়াশোনা সম্পন্ন করেছে এবং প্রায় দুই বছর আগে সামরিক বাহিনীর চাকরি থেকে অব্যাহতি নিয়েছে। মার্কিন সেনাবাহিনীতে তার ছয় বছরের কর্মজীবনের অভিজ্ঞতা রয়েছে বলে সে দাবি করেছে। বর্তমানে এই মার্কিন নাগরিকের ভারত ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য এবং তার এই রহস্যময় চলাচলের পেছনে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
