ফোলারিন বালোগুনের লাল কার্ড বিতর্ক নিয়ে রেফারির বিরুদ্ধে ট্রাম্পের তোপ ও ফিফার সিদ্ধান্তের বিরোধিতায় বেলজিয়াম

বিশ্বকাপ ফুটবলে ফোলারিন বালোগুনকে দেখানো লাল কার্ড নিয়ে সৃষ্ট তীব্র বিতর্কে এবার সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লস যে সিদ্ধান্ত নিয়েছেন তা ছিল সম্পূর্ণ ভুল এবং অযৌক্তিক। ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি রেফারি ক্লসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাকে ‘সন্দেহভাজন’ হিসেবে আখ্যায়িত করেছেন।
ট্রাম্প বলেন, তিনি নিজে খেলাটি দেখেছেন এবং খেলার নিয়ম সম্পর্কে তার স্বচ্ছ ধারণা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যমতে, বালোগুন কোনো নিয়মভঙ্গ করেননি; বরং দুই খেলোয়াড় পূর্ণ গতিতে দৌড়ানোর সময় স্বাভাবিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা ফুটবলের মাঠে অত্যন্ত সাধারণ বিষয়। তিনি জোর দিয়ে বলেন, একজন খেলোয়াড়ের পক্ষে দৌড়ানোর সময় অন্যজনের পায়ের অবস্থান নিখুঁতভাবে বোঝা অসম্ভব, তাই একে ফাউল হিসেবে গণ্য করা অন্যায়।
রেফারির অতীত কর্মকাণ্ড নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি সরাসরি কোনো অভিযোগ না তুললেও রেফারি ক্লসের সিদ্ধান্তকে অবিশ্বাস্য বলে অভিহিত করেন। যদিও এই বিতর্কের মাঝে ফিফা স্পষ্ট করেছে যে, ট্রাম্পের রাজনৈতিক চাপের মুখে তারা কোনো নতি স্বীকার করেনি। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির দাবি, স্বাধীনভাবে পর্যালোচনা করার পরই মার্কিন স্ট্রাইকারের ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, ফিফার এই বিতর্কিত সিদ্ধান্তে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। প্রি-কোয়ার্টার ফাইনালে আমেরিকার প্রতিপক্ষ বেলজিয়াম ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক চ্যালেঞ্জ জানিয়েছে। তারা প্রশ্ন তুলেছে, বিশ্বকাপের নিয়ম অনুযায়ী অন্য খেলোয়াড়রা লাল কার্ড পাওয়ার পর এক ম্যাচ নিষিদ্ধ থাকলেও বালোগুনের ক্ষেত্রে কেন ছাড় দেওয়া হলো। সব মিলিয়ে ফিফার এই পদক্ষেপ বিশ্ব ফুটবল অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস