বারাণসীতে হস্টেল থেকে মেধাবী মেডিক্যাল পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার রহস্যময় মৃত্যু ঘিরে চাঞ্চল্য

বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের হোস্টেল থেকে ঋত্বিক কুণ্ডু নামক এক বাঙালি এমবিবিএস শিক্ষার্থীর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। হুগলির উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভিনিউয়ের বাসিন্দা এই মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একাই থাকতেন। মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

নিহত ঋত্বিকের পরিবার সূত্রে জানা যায়, গত পাঁচ দিন ধরে ছেলের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলেন না তাঁরা। বারবার ফোন করেও কোনো সাড়া না পাওয়ায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল পরিবারে। দীর্ঘ সময় হোস্টেলের ওই কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না আসায় কর্তৃপক্ষ শেষ পর্যন্ত পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে পুলিশ ঋত্বিকের দেহ উদ্ধার করে।

তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া সুইসাইড নোটটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যে মানসিক চাপ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে কলেজের শিক্ষার্থী, সহপাঠী এবং হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালে।

মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও উত্তরপাড়ার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই ভাইবোনের মধ্যে ছোট ঋত্বিক ছোটবেলা থেকেই পড়াশোনায় তুখোড় ছিলেন। জয়েন্ট এন্ট্রান্সে সাফল্যের পর প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হলেও পরবর্তীতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

ঋত্বিকের শিক্ষক শুভ্র মিত্র ও বাল্যবন্ধুরা জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ঋত্বিকের দারুণ সুনাম ছিল। এমন সম্ভাবনাময় এক তরুণের অকাল মৃত্যুতে এলাকায় বিষাদের সুর। বারাণসীতে পৌঁছেছেন ঋত্বিকের বাবা ও মা, যারা শোকে মুহ্যমান অবস্থায় রয়েছেন। পুলিশ এই মৃত্যুর ঘটনার তদন্ত জোরদার করেছে।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%