কলকাতা ও সংলগ্ন এলাকায় নতুন তিনটি বাস রুটের সূচনা করল পরিবহণ নিগম

কলকাতা ও এর আশপাশের জনপদগুলোর যাতায়াত ব্যবস্থায় গতি আনতে নতুন তিনটি রুটে বাস পরিষেবা চালু করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। রাজ্যের নিত্যযাত্রীদের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগের অংশ হিসেবে কল্যাণী, কাঁচরাপাড়া এবং সোনারপুর থেকে নতুন শীতাতপ নিয়ন্ত্রিত বাসের পাশাপাশি সাধারণ বাসও পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কল্যাণী বড়োজাগুলি মোড় থেকে সল্টলেক করুণাময়ী পর্যন্ত যাত্রা করবে এসি-৫৭ সিরিজের বাসটি। কল্যাণী এইমস, হালিশহর, মুরাগাছা, রবীন্দ্রনাগর ও কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে এয়ারপোর্ট ১ নম্বর গেট, সিটি সেন্টার ২ ও ইকো পার্ক পেরিয়ে বাসটি করুণাময়ী পৌঁছাবে। বড়োজাগুলি থেকে বাসটি সকাল ৭টা, সকাল ৯টা ৩০ মিনিট, বিকেল ৫টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৬টায় যাত্রা শুরু করবে। অপরদিকে, করুণাময়ী থেকে ফেরার পথে বাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৬টা ৩০ মিনিট, সকাল ১০টা এবং দুপুর ২টা ৩০ মিনিট।
কাঁচরাপাড়া গান্ধী মোড় থেকে ব্যারাকপুর সদর বাজার পর্যন্ত এস-৭০ রুটের বাসটি কোনা মোড়, কাঁকিনাড়া, শ্যামনগর, ইছাপুর চৌমাথা, ঘোষপাড়া ও ধোবি ঘাট হয়ে চলাচল করবে। কাঁচরাপাড়া থেকে বাস ছাড়ার সময়সূচি রাখা হয়েছে সকাল ৭টা, সকাল ৮টা ৩০ মিনিট, বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। সদর বাজার থেকে ফেরার ক্ষেত্রে বাসগুলো সকাল ৬টা ৩০ মিনিট, সকাল ৯টা, বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।
সোনারপুর থেকে নিউ টাউনের ইকোস্পেস পর্যন্ত নতুন শীতাতপ নিয়ন্ত্রিত এসি-৫৮ সিরিজের বাস পরিষেবাও চালু করা হয়েছে। বাসটি সোনারপুর স্টেশন থেকে কামালগাজি, রুবি, চিংড়িঘাটা ও কলেজ মোড় হয়ে নিউ টাউনের টাটা মেডিক্যাল সেন্টার পর্যন্ত চলাচল করবে। যাত্রীদের সুবিধার্থে সোনারপুর থেকে সকাল ৭টা ৩০ মিনিট, ৮টা, ৮টা ৩০ মিনিট, ৯টা এবং ৯টা ৩০ মিনিটে বাস ছাড়বে। ইকোস্পেস থেকে ফেরার ক্ষেত্রে বিকেল ৫টা, ৫টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা, ৬টা ৩০ মিনিট ও ৭টার সময়সূচি নির্ধারণ করেছে পরিবহণ নিগম।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
