ক্যানিংয়ে সরকারি জমি দখল করে গড়া তৃণমূল নেতার ছেলের ক্যাফে গুড়িয়ে দিল প্রশাসন

ক্যানিংয়ের মৌখালিতে মাতলা নদীর চর ও সেচ দপ্তরের জমি দখল করে গড়ে তোলা ‘অরণ্যের কুলে’ নামক একটি বিলাসবহুল ক্যাফেটেরিয়া গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে বুলডোজার চালিয়ে ভারতের ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন এই অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলা হয়। ঘটনার সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় বিপুলসংখ্যক রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, মৌখালি সেতুর পার্শ্ববর্তী এলাকায় নদীর তীরবর্তী সরকারি জমি জবরদখল করে এই ক্যাফেটি নির্মাণ করা হয়েছিল। শওকত মোল্লা বিধায়ক থাকাকালীনই তাঁর ছেলে ইমরান মোল্লা এই বাণিজ্যিক প্রতিষ্ঠানটি গড়ে তোলেন এবং দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও ভাঙড় বিস্ফোরণকাণ্ডে শওকত মোল্লার গ্রেপ্তারের পর বিষয়টি নতুন করে প্রশাসনের নজরে আসে।
তদন্তের স্বার্থে ইমরান মোল্লাকে মহকুমাশাসকের দপ্তরে তলব করা হলে তিনি ক্যাফেটির বৈধ কাগজপত্রের স্বপক্ষে সন্তোষজনক কোনো নথিপত্র দেখাতে পারেননি। সরকারি দপ্তরের জমির ওপর অবৈধভাবে গড়ে তোলা এই স্থাপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত অনুমতি না থাকায় মহকুমাশাসক তা ভেঙে ফেলার নির্দেশ দেন। প্রশাসনের দাবি, নথি যাচাইয়ের পর বেআইনি নির্মাণের অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া গিয়েছে।
বৃহস্পতিবার সকালে ক্যানিং মহকুমার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও জীবনতলা থানার প্রতিনিধিদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে ব্যবসা চললেও আগে প্রশাসনের তরফে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং পুরো প্রক্রিয়া শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস