সিলেটের ওসমানী হাসপাতালে দালালচক্রের চার সদস্যকে কারাদণ্ড

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে প্রতারণায় জড়িত দালাল চক্রের চার সদস্যকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন তানভীর আহমেদ সুমন (৩০), সায়েম আহমেদ (৩৪), বকুল মিয়া (৫৬) এবং সুমন আহমেদ (২৮)। দীর্ঘ সময় ধরে চক্রটি হাসপাতাল এলাকায় অবস্থান নিয়ে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অনৈতিক সুবিধা আদায় করে আসছিল।
তদন্তে জানা যায়, অভিযুক্তরা হাসপাতালের ভেতরে ও বাইরে সক্রিয় থেকে রোগীদের ভয়ভীতি প্রদর্শন করত। এছাড়া বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠিয়ে অবৈধ কমিশন বাণিজ্যই ছিল তাদের প্রধান পেশা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানভীর আহমেদ সুমন ও সায়েম আহমেদকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। একই অভিযানে বকুল মিয়া ও সুমন আহমেদকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। তারেক রহমান সরকারের সুশাসন নিশ্চিত করতে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।