ফলতায় থানায় হামলার ঘটনায় গ্রেফতার জাহাঙ্গির খানের স্ত্রী

ফলতা থানায় হামলার ঘটনায় প্রশাসনের কঠোর অবস্থান আরও স্পষ্ট হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশনার পর এবার পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হলেন কুখ্যাত অপরাধী জাহাঙ্গির খানের স্ত্রী। ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি চৌকস দল বিষ্ণুপুরের জুলপিয়া এলাকা থেকে তাকে আটক করে। এই গ্রেফতারের ফলে থানায় হামলার ঘটনায় মোট ২৭ জন অভিযুক্তকে আইনের আওতায় আনা হলো।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে জাহাঙ্গির খানকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনাটি মূলত তাঁর স্ত্রীর নেতৃত্বেই পরিচালিত হয়েছিল। সেদিন ফলতার শতল কলসায় এলাকায় আয়োজিত বিক্ষোভ কর্মসূচি এক পর্যায়ে সহিংস রূপ নিলে জাহাঙ্গিরের অনুগামীরা মিছিল নিয়ে থানার দিকে অগ্রসর হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি বড় ধরনের বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা পায়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গোটা পরিকল্পনার নেপথ্যে জাহাঙ্গিরের স্ত্রীর সক্রিয় ভূমিকা ছিল। ফুটেজে দেখা গেছে, পুলিশের ওপর আক্রমণের ঘটনায় উসকানি দেওয়ার পাশাপাশি তিনি নিজেই বিক্ষোভকারীদের দিকনির্দেশনা দিচ্ছিলেন। এই প্রমাণের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং পরবর্তী সময়ে অস্ত্র আইন ও বিস্ফোরক আইনের অধীনে নতুন করে মামলা রুজু করা হয়েছে।

ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ভিডিও ফুটেজে চিহ্নিত প্রত্যেককে আইনের আওতায় আনার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংক্রান্ত ধারায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলার ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

শুক্রবার প্রশাসনিক কঠোরতার বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই এই গ্রেফতারের ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে অদূর ভবিষ্যতে আরও গ্রেফতারি হতে পারে। পলাতক অন্যান্য অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%