জুনের শেষ সপ্তাহেই শুরু হতে পারে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই শুরু হতে যাচ্ছে ভর্তি প্রক্রিয়ার তোড়জোড়। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ জুনের মধ্যেই রাজ্য জয়েন্টের কাউন্সেলিং ও আসন বণ্টন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা সম্ভব হবে। মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আসন বিন্যাস বা সিট ম্যাট্রিক্স হাতে পাওয়ার পরই একটি ডিজিটাল ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমে এই কার্যক্রম গতি পাবে।

বিজ্ঞাপন

রাজ্য জয়েন্ট বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ মে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আজ তার ফলাফল ঘোষণা করা হয়েছে। পরীক্ষায় মোট ১ লাখ ২০ হাজার জন প্রার্থী নাম নথিভুক্ত করলেও শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছেন ৯৪ হাজার ৯০১ জন। এর মধ্যে ৯২ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা শতকরা হিসেবে ৯৭.৭৪ শতাংশ।

ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, মেধাতালিকার প্রথম দশে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছয়জন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের শিক্ষার্থী। এছাড়া পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত স্কুল ও কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস থেকে দুইজন করে শিক্ষার্থী শীর্ষ দশের তালিকায় জায়গা করে নিয়েছেন।

কাউন্সেলিংয়ের প্রক্রিয়া নিয়ে গৌতম পাল জানান, বোর্ডের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিটি কলেজের আসন বিন্যাস সংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে ডিজিটাল কাঠামো তৈরির জন্য বোর্ডের কিছুটা সময় প্রয়োজন। যথাযথ প্রক্রিয়া শেষে জুন মাসের শেষ সপ্তাহের মধ্যেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন বরাদ্দের সুযোগ করে দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%