নিট পরীক্ষা সংস্কারে নন্দন নিলেকানির নেতৃত্বে ছয় সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন

নিট-সহ সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পুরো ব্যবস্থায় আমূল সংস্কার আনতে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও আধার প্রকল্পের রূপকার নন্দন নিলেকানির নেতৃত্বে গঠিত এই বিশেষজ্ঞ দলে রাখা হয়েছে দেশের বিভিন্ন ক্ষেত্রের হাই-প্রোফাইল ব্যক্তিত্বদের। ভারতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক ঘোষিত এই টাস্কফোর্সটি ভবিষ্যতে পরীক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিগতভাবে আরও মজবুত ও সুরক্ষিত করে তোলার রূপরেখা তৈরি করবে।
নিলেকানি ছাড়াও এই ছয় সদস্যের টাস্কফোর্সে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, যিনি চন্দ্রযান-৩ মিশনের ঐতিহাসিক সাফল্যের অন্যতম কারিগর হিসেবে পরিচিত। মহাকাশ গবেষণার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তার বিষয়ে তার অভিজ্ঞতা পরীক্ষা ব্যবস্থার সুরক্ষায় বড় ভূমিকা পালন করবে। এছাড়া গোয়েন্দা দাপটের জন্য পরিচিত ইন্টেলিজেন্স ব্যুরোর প্রাক্তন পরিচালক তপন ডেকাকে এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রশ্নফাঁসকারী চক্র বা শিক্ষা মাফিয়াদের দমনে বিশেষ কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
কারিগরি ও প্রাতিষ্ঠানিক দিকটি সামলাতে রয়েছেন আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটি। তিনি কেন্দ্রীয় সরকারের অর্থায়নে মাইক্রোপ্রসেসর উন্নয়ন এবং তথ্য নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মসূচির নেতৃত্ব দিয়ে আসছেন। পরীক্ষা পদ্ধতির প্রশাসনিক ও নীতিনির্ধারণী জটিলতা নিরসনে অভিজ্ঞ আমলাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুলশিক্ষা দফতরের প্রাক্তন সচিব অনিতা কারওয়াল এবং বিহারের প্রাক্তন মুখ্যসচিব অমৃতলাল মিনা।
সংশ্লিষ্ট মহলের মতে, এই টাস্কফোর্সের সদস্যদের অভিজ্ঞতা বহুমুখী, যা দেশের বর্তমান পরীক্ষা ব্যবস্থায় চলমান অস্থিরতা কাটাতে সহায়ক হবে। একদিকে সাইবার ইন্টেলিজেন্স ও তথ্যপ্রযুক্তি, অন্যদিকে প্রশাসনিক অভিজ্ঞতা—এই দুইয়ের সমন্বয়ে একটি সুশৃঙ্খল ও অভেদ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এখন সরকারের মূল লক্ষ্য। এই উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি তাদের কাজের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার ও মেধার সঠিক মূল্যায়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস