অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ ২৩ জনের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগে এফআইআর মামলা দায়ের

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর ব্যক্তিগত সহকারী সুমিত রায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলসহ মোট ২৩ জনের বিরুদ্ধে বেআইনিভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। সোমবার রাতে স্থানীয় কালীতলা আশুলিয়া থানায় এই অভিযোগটি দায়ের করেছেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা ও প্রাক্তন লোকসভা প্রার্থী অভিজিৎ বিশ্বাস। প্রভাবশালী এই ব্যক্তিদের বিরুদ্ধে মাটি চুরির গুরুতর অভিযোগ ওঠায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগপত্রে দাবি করা হয়েছে, গত কয়েক বছর ধরে সুপরিকল্পিতভাবে প্রায় ১৬৩ বিঘা জমির মাটি অবৈধ উপায়ে খনন করে বিক্রি করা হয়েছে। এই প্রক্রিয়ায় ৩০০ কোটিরও বেশি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। ঘটনার সপক্ষে তিনি বেশ কিছু স্যাটেলাইট চিত্রও থানায় জমা দিয়েছেন, যা ওই এলাকায় ভূমির স্বাভাবিক গঠন নষ্ট হওয়ার বিষয়টি স্পষ্ট করে তুলেছে।

অভিজিৎ বিশ্বাসের ভাষ্যমতে, ২০১৭ সাল থেকে ওই অঞ্চলে অবৈধ মাটি কাটার কার্যক্রম শুরু হয়, যা ২০২২ ও ২০২৩ সালে ভয়াবহ আকার ধারণ করে। এর আগে স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে একাধিকবার নালিশ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাঁর। পর্যাপ্ত তথ্য ও প্রমাণাদি সংগ্রহের পর পুনরায় আইনি পথে বিচারের দাবি জানিয়েছেন তিনি।

অভিজিৎ বিশ্বাস আরও বলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার ভূমিপুত্র না হওয়ায় মাটির মূল্য বা পরিবেশের ক্ষতির বিষয়টি হয়তো অনুধাবন করতে পারছেন না। দীর্ঘ সময় ধরে চোরাপথে মাটি বিক্রির ফলে এলাকায় ভূমিক্ষয়ের আশঙ্কা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে স্থানীয় বাসিন্দাদের চরম পরিবেশগত সংকটের দিকে ঠেলে দেবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অতীতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিজিৎ বিশ্বাস। ২০২০ সালে ঘূর্ণিঝড় আমফানের ত্রাণসামগ্রী ও ত্রিপল বেআইনিভাবে তৃণমূলের দলীয় কার্যালয়ে মজুত রাখার অভিযোগে তিনি সরব হয়েছিলেন, যেখানে ২৫০ কোটির টাকার দুর্নীতির দাবি তোলা হয়েছিল। নতুন এই মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পরবর্তী ধাপের দিকেই এখন তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%