লন্ডনের সাউথহলে ছুরিকাঘাতে ভারতীয় বংশোদ্ভূত যুবক নিহত গ্রেফতার ১

ব্রিটেনের পশ্চিম লন্ডনের সাউথহলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ২৬ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত যুবক গুরভেজ সিং নিহত হয়েছেন। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নর্থ রোড ও ডর্মার্স ওয়েলস লেনের সংযোগস্থলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুল্যান্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলেও গুরভেজ সিংকে বাঁচানো সম্ভব হয়নি, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ওই এলাকার একটি দোকানের সামনে গুরভেজ সিংয়ের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় তিরিশের কোঠার অন্য এক ব্যক্তিও আহত হয়েছিলেন, তবে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ২০ থেকে ৩০ বছর বয়সি সাতজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছিল। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ছয়জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অপর এক অভিযুক্তকে জামিনে মুক্তি দিয়ে জিজ্ঞাসাবাদের আওতায় রাখা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের স্পেশালিস্ট ক্রাইম কমান্ডের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অ্যালিসন ফক্সওয়েল জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে। ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত প্রত্যক্ষদর্শী কিংবা সিসিটিভি ফুটেজ রয়েছে এমন ব্যক্তিদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। তিনি গুরভেজ সিংয়ের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এদিকে, গুরভেজের মরদেহ ভারতে ফিরিয়ে আনা, শেষকৃত্য সম্পন্ন করা এবং আনুষঙ্গিক ব্যয়ভার বহনের জন্য একটি তহবিল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত ৭৩৭ জন দাতার অংশগ্রহণে ১১,১১৪ ইউরো সংগৃহীত হয়েছে এবং ১৬,০০০ ইউরো সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় প্রবাসী ভারতীয়দের মাঝে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%