জিয়াউর রহমানের আদর্শেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় অঙ্গীকার প্রিন্সের

বাংলাদেশের রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজও চিরপ্রাসঙ্গিক এক নাম। দেশের সার্বভৌমত্ব সুসংহত করা, জাতীয় স্বার্থ রক্ষা এবং স্বনির্ভর জাতি গঠনে তাঁর রাজনৈতিক দর্শন ও কালজয়ী রাষ্ট্রচিন্তা আজও দিকনির্দেশনা প্রদান করে। প্রতিটি সংকটময় মুহূর্তে তাঁর আদর্শ নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শনিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে স্বনির্ভর করে তুলতে জিয়াউর রহমান উৎপাদন বৃদ্ধি, কৃষি উন্নয়ন, শিল্পায়ন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিলেন। তিনি গণমানুষের নেতা হিসেবে জনগণের ক্ষমতায়ন ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের ওপর জোর দিয়েছিলেন, যা তাঁকে দ্রুতই জনগণের হৃদয়ে অনন্য উচ্চতায় আসীন করেছিল। তাঁর দূরদর্শী নেতৃত্বই ছিল দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, শাহাদাৎবার্ষিকী কেবল শোকের দিন নয়, বরং জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণের দিন। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করার মাধ্যমেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার যে কর্মযজ্ঞ চলছে, তাতে শহীদ জিয়ার আদর্শ অনুপ্রেরণার প্রধান উৎস হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব আনিসুর রহমান মানিক। আলোচনা সভা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া হালুয়াঘাটের ১২টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার আরও আলোচনা সভা ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।