সৌদি আরবে সৈন্য পাঠাতে প্রস্তুত বাংলাদেশ, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণা

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় এবং পবিত্র মক্কা ও মদিনার সুরক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী পাঠানোর সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এই কথা জানান।

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং বিজ-এর যৌথ উদ্যোগে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন দিগন্ত’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করেন, মক্কা ও মদিনায় যেকোনো ধরনের হামলা হলে বাংলাদেশ কখনোই আপস করবে না। মধ্যপ্রাচ্যের শান্তি বজায় রাখতে এবং সৌদি আরব সরকার আহ্বান জানালে বাংলাদেশের পক্ষ থেকে সৈন্য পাঠানো হবে।

অনুষ্ঠানে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের রূপরেখা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কেবল প্রচলিত শ্রমবাজারের গণ্ডির মধ্যে সম্পর্ককে সীমাবদ্ধ না রেখে একে বহুমুখী করার উপযুক্ত সময় এটি। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ককে এখন অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের উচ্চতায় উন্নীত করার সুবর্ণ সুযোগ রয়েছে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, এবং ওষুধশিল্পের মতো সম্ভাবনাময় খাতগুলোতে সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সেমিনারে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই ঐতিহাসিক সফরে সৌদি আরব গমন করবেন। এই উচ্চপর্যায়ের সফর দুই দেশের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি রপ্তানির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশের শ্রমবাজারের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেমিনারে বিভিন্ন নীতিনির্ধারক, গবেষক ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

০%
০%
০%
০%