AdvertisementAdvertisement

ইরানের সাথে কূটনৈতিক নাটকের অভিযোগ ট্রাম্পের প্রত্যাখ্যান তেহরানের

ইরানের ওপর সামরিক হামলা ও কূটনৈতিক আলোচনার দোলাচলে আটকা পড়া যুক্তরাষ্ট্র ও তেহরানের সম্পর্কের টানাপোড়েন আরও ঘনীভূত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান আর বেশিদিন যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম নয় এবং খুব দ্রুতই এই সংঘাতের অবসান ঘটবে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জোর দিয়ে বলেন, তেহরানের সঙ্গে চলমান সমঝোতা আলোচনা ইতিবাচক দিকেই এগিয়ে যাচ্ছে।

তবে ট্রাম্পের এই দাবির তীব্র সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি ওয়াশিংটনের কৌশলকে ‘চক্রাকার নাট্য কূটনীতি’ হিসেবে অভিহিত করেছেন। গালিবাফের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র বারবার সামরিক হামলার হুমকি দিয়ে পরে তা প্রত্যাহার করার যে কৌশল গ্রহণ করছে, তা ব্যর্থ চাপের বহিঃপ্রকাশ মাত্র।

Advertisement
বিজ্ঞাপন

গত শনিবার একটি বড় আকারের সামরিক অভিযানের পরিকল্পনা বাতিল করার পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন যে, তেহরানের সঙ্গে একটি চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ইরানের পারমাণবিক হুমকির নিরসন ঘটবে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই পথটি গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই কার্যত বন্ধ রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

অন্যদিকে ইরান দাবি করেছে, ওমানের সঙ্গে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তেহরানের ভাষ্য, পারস্য উপসাগরীয় এই জলপথের সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ট্রাম্প অবশ্য আশাবাদী যে, সংঘাতের সমাপ্তি ঘটলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের বিপরীতমুখী অবস্থান মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে। ইরান বারবার মার্কিন প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ওয়াশিংটনকে বাস্তব পরিস্থিতি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। চলমান এই কূটনৈতিক অচলাবস্থা নিরসনে কোনো পক্ষই চূড়ান্ত কোনো ছাড় দিতে রাজি না হওয়ায় সংকট দীর্ঘায়িত হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%