ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১৯.৬ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি: ঝুঁকিতে আবাসন খাত

ভেনেজুয়েলায় গত জুনের শেষদিকে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৯.৬ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করেছে, এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেশটির ভঙ্গুর অর্থনীতি এবং পুনর্গঠন প্রক্রিয়াকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বব্যাংকের তথ্যমতে, মোট ক্ষয়ক্ষতির ৪৭ শতাংশই হয়েছে আবাসিক ভবনগুলোতে। এছাড়া অবকাঠামোগত খাতে ২৭ শতাংশ এবং অনাবাসিক ভবনে ২৬ শতাংশ ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সুসানা করদেইরো গুয়েরা এক বিবৃতিতে জানান, এই ভূমিকম্প কেবল মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করেনি, বরং গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে পুনর্গঠনের পথকে অত্যন্ত বন্ধুর করে তুলেছে।

সরকারি হিসাব অনুযায়ী, ২৪ জুন সংঘটিত ৭.২ ও ৭.৫ মাত্রার ওই ভূমিকম্পে অন্তত ৫ হাজার মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন। গৃহহীন হয়ে পড়েছেন ১৮ হাজার মানুষ। দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট ভেনেজুয়েলায় এই দুর্যোগের আগেই প্রায় ৭৬ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছিলেন।

বিশ্বব্যাংকের গ্লোবাল র‍্যাপিড ড্যামেজ এস্টিমেশন পদ্ধতির মাধ্যমে করা এই সমীক্ষায় দেখা গেছে, লা গুয়াইরা অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিটো ক্যাপিটাল অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ভূ-কম্পন উপাত্ত, স্যাটেলাইট চিত্র এবং মানবিক সহায়তা সংস্থাগুলোর প্রতিবেদনের সমন্বয়ে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সম্প্রদায় ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও, বিপুল পরিমাণ এই অর্থায়ন কোথা থেকে আসবে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এদিকে, জানুয়ারি মাসে নিকোলাস মাদুরোকে অপসারণের পর থেকে ভেনেজুয়েলার ওপর প্রভাব বিস্তারকারী যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা রেড ক্রসকে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা প্রদান করবে। তবে এই তহবিল নির্দিষ্টভাবে ভেনেজুয়েলার ভূমিকম্প পরবর্তী পুনর্গঠনের জন্য কি না, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%