রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি হামলায় শিশুসহ নিহত ৮

ইউক্রেন ও রাশিয়া একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি বিমান ও ড্রোন হামলা তীব্রতর করায় গত বৃহস্পতিবার অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুদ্ধের পঞ্চম বছরে এসে দুই দেশের সংঘাত সীমান্ত ছাড়িয়ে মূল ভূখণ্ডের অভ্যন্তরে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের প্রাণহানির হার ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাশিয়ার ভেতরে ও অধিকৃত ক্রিমিয়ায় চারজন এবং ইউক্রেনের অভ্যন্তরে চারজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ জানিয়েছেন, একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বেলগোরোদ অঞ্চলে ড্রোন হামলায় গাড়িতে থাকা একজন নিহত হয়েছেন এবং ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনীয় হামলায় আরও দুজন প্রাণ হারিয়েছেন। পাল্টাপাল্টি এসব হামলায় উভয় পক্ষেই বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোরাদ শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর ওলেক্সান্দ্র হানঝা জানিয়েছেন, একটি খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে ওই হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এছাড়া উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলে মর্টার হামলায় ৫৭ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

যুদ্ধক্ষেত্রে সম্মুখ সমরে বড় ধরনের স্থবিরতা বজায় থাকলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা পোকরোভস্ক শহরের ১২ কিলোমিটার উত্তরে বিলিৎস্কি গ্রাম দখল করেছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনী এ দাবির বিষয়ে কোনো মন্তব্য না করে জানিয়েছে যে, তারা ওই এলাকায় রাশিয়ার ৪২টি আক্রমণ প্রতিহত করেছে।

বিজ্ঞাপন

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে তাদের ২১তম নিষেধাজ্ঞা প্যাকেজ চূড়ান্ত করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার প্রায় ১০০টি ব্যাংক, ক্রিপ্টোকারেন্সি অপারেটর এবং প্রায় ৪০টি জাহাজসহ সামরিক সরঞ্জাম উৎপাদনকারী অন্তত ৫০টি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রিসের দাবির প্রেক্ষিতে রুশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর কিছু বিধিনিষেধ শিথিল করা হলেও, আগামী ১ জানুয়ারি থেকে ইউরোপে রাশিয়ার এলএনজি আমদানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়া এই প্যাকেজে রুশ তেলের মূল্যসীমা প্রতি ব্যারেল ৪৪.১০ ডলারে অপরিবর্তিত রাখা হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%