সিরিয়ায় অন্তর্বর্তীকালীন জাতীয় সংসদের প্রথম অধিবেশন স্থগিত

সিরিয়ার অন্তর্বর্তীকালীন পার্লামেন্টের প্রথম অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার এই অধিবেশন শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে কোনো কারণ দর্শানো ছাড়াই সরকারি টেলিভিশনের মাধ্যমে তা পিছিয়ে দেওয়ার ঘোষণা আসে। নতুন শাসনামলের এই আইনসভা ৩০ মাস মেয়াদে দায়িত্ব পালন করবে এবং এর মূল লক্ষ্য হলো নতুন নির্বাচনী আইন প্রণয়ন করা।

বিজ্ঞাপন

দীর্ঘ ১৪ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ ও বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার নতুন কর্তৃপক্ষ দেশটির আগের আইনসভা ভেঙে দেয়। গৃহযুদ্ধে প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণহানি ঘটে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের মার্চ মাসে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা একটি অস্থায়ী সংবিধান স্বাক্ষর করেন, যা পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ে কার্যকর থাকবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২১০ সদস্যবিশিষ্ট এই সংসদের দুই-তৃতীয়াংশ সদস্য স্থানীয় কমিটির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। বাকি এক-তৃতীয়াংশ সদস্য সরাসরি প্রেসিডেন্ট আহমেদ আল-শারা মনোনীত করবেন, যার অংশ হিসেবে চলতি সপ্তাহে ৭০ জন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দক্ষিণ সিরিয়ার দ্রুজ সংখ্যাগরিষ্ঠ সুওয়াইদা প্রদেশে গত বছরের সাম্প্রদায়িক সহিংসতার কারণে সেখানকার প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি।

নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে ওই এলাকায় সদস্যদের মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হবে। এর আগে উত্তরাঞ্চলীয় কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোতেও অনুরূপ পদ্ধতিতে প্রতিনিধি বাছাই করা হয়, যখন দামেস্কের নতুন সরকার ওই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর কুর্দি প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনার চুক্তি স্বাক্ষর করে।

বিজ্ঞাপন

নির্বাচনী কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমদ জানিয়েছেন, নবগঠিত এই সংসদ নতুন নির্বাচনী আইন প্রণয়নের পাশাপাশি সাধারণ নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করবে। মূলত একটি গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যেই এই অন্তর্বর্তীকালীন আইনসভা গঠন করা হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%