উখিয়ায় মাছের ঘেরে অবৈধভাবে কাজ করার সময় ১৯ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী রহমতের বিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বালুখালী সীমান্তের সীমান্ত পিলার বিপি-২০ থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে এবং শূন্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর একটি টহল দল।
আটককৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নুর, মোহাম্মদ নুর আমিন, মোহাম্মদ নুর ছাদেক, মোহাম্মদ এনায়েত হোসেন, মোহাম্মদ রশিদ আহমেদ, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ রায়গুনা, মোহাম্মদ সৈয়দন্দর, মোহাম্মদ জালাল হোসেন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আবু হাসেম, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ নুরুল সামাদ, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ মোশারফ, জুবায়েদ, বনি আমিন, মোহাম্মদ হালেম এবং মোহাম্মদ সৈয়দ। তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে নিবন্ধিত বাসিন্দা।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটককৃতরা আশ্রয়শিবির ছেড়ে স্থানীয় একটি মাছের ঘেরে শ্রমিক হিসেবে অবৈধভাবে কাজ করছিলেন। নিয়ম অনুযায়ী, আশ্রয়শিবিরে অবস্থানরত কোনো রোহিঙ্গার ক্যাম্পের বাইরে গিয়ে স্থানীয় কর্মসংস্থানে যুক্ত হওয়ার কোনো আইনি অনুমতি নেই। বিজিবি কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ড একদিকে যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, তেমনি তাদের বিভিন্ন অপরাধচক্রের সঙ্গে জড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি করে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আইন অমান্যকারী কাউকেই ছাড় দেওয়া হবে না এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও চোরাচালানসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। একইসঙ্গে স্থানীয় জনগণকে রোহিঙ্গাদের দিয়ে কোনো ধরনের অবৈধ কাজ না করানোর বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।