আসাদ-পরবর্তী যুগে ২১০ সদস্যের নতুন পার্লামেন্ট পেল সিরিয়া

সিরিয়ার দীর্ঘদিনের আসাদ পরিবারের লৌহশাসনের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক যুগের সূচনা হয়েছে। দেশটির নবগঠিত ২১০ সদস্যের পার্লামেন্টে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা কর্তৃক মনোনীত ৭০ জন আইনপ্রণেতার তালিকা প্রকাশের মাধ্যমে সংসদীয় কাঠামো পূর্ণতা পেয়েছে। গত ডিসেম্বরে বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে ১৩ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ঘটে, যে যুদ্ধে প্রায় পাঁচ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এখন যুদ্ধবিধ্বস্ত দেশটিকে পুনর্গঠন ও আইন প্রণয়নের লক্ষ্যে নতুন সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমদ জানান, আগামী সোমবার নতুন আইনপ্রণেতাদের শপথ গ্রহণের মধ্য দিয়ে সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। ওই দিনই পার্লামেন্টের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল নির্বাচিত করা হবে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল-শারা তার সাংবিধানিক ক্ষমতাবলে সংসদের এক-তৃতীয়াংশ সদস্যকে সরাসরি মনোনীত করেছেন। তার মনোনীত সদস্যদের মধ্যে ১৫ জন নারী রয়েছেন, যার ফলে আইনসভায় নারী সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।

গত অক্টোবর মাসে সিরিয়ায় নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হলেও নিরাপত্তার কারণে সুওয়াইদা প্রদেশ ও কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো সেই প্রক্রিয়ার বাইরে ছিল। পরবর্তীতে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসার পর মে মাসে ওই অঞ্চলগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নবগঠিত এই সংসদে সংখ্যালঘু আলবীয় সম্প্রদায়ের প্রতিনিধি ও সুওয়াইদা থেকে দুজন আইনপ্রণেতা অন্তর্ভুক্ত করা হয়েছে। দামেস্ক থেকে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্টের সরাসরি মনোনয়নের ফলে হাসাকা প্রদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক কুর্দি প্রতিনিধি যুক্ত হওয়ায় সংসদে বৈচিত্র্য নিশ্চিত হয়েছে।

আল-আহমদ আরও জানান, নতুন পার্লামেন্টের মেয়াদ হবে ৩০ মাস। এই সময়ের মধ্যে নতুন নির্বাচনী আইন প্রণয়ন এবং পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, যা দেশটির গণতান্ত্রিক উত্তরণের পথে একটি অগ্নিপরীক্ষা হিসেবে গণ্য হচ্ছে। দীর্ঘদিন ধরে চলে আসা স্বৈরাচারী শাসনের পর এই সংসদীয় কার্যক্রম সিরিয়ার নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রথম ধাপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%