বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ও আহত অনেকে

বেলজিয়ামের এন্টওয়ার্প শহরের লিংকারওভার এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৩ মিনিটে শহরের ১০ তলা বিশিষ্ট এই ভবনটির অষ্টম তলায় আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই দমকল বাহিনী, অ্যাম্বুলেন্সসহ জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
এন্টওয়ার্প ফায়ার জোনের মুখপাত্র মারি দ্য ক্লের্ক দ্য ব্রাসেলস টাইমসকে জানিয়েছেন, ভবনটির ভেতর তীব্র ধোঁয়া এবং ঝাপসা পরিস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। এটি অত্যন্ত জটিল একটি পরিস্থিতি। দুই শতাধিক মানুষের আবাসস্থল এই ভবনটিতে উদ্ধারকাজ পরিচালনার সময় দমকল বাহিনীর সদস্যদের প্রতিকূল পরিবেশের মুখোমুখি হতে হয়েছে।
ঘটনাস্থলের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনের উপরের তলায় আটকে পড়া এক ব্যক্তি ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে বারান্দা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন। ভয়াবহ এই ঘটনায় হতাহতের সংখ্যার পাশাপাশি অনেক বাসিন্দা ভবন থেকে বের হয়ে আসার সময় আতঙ্কিত হয়ে পড়েন। এন্টওয়ার্পের পূর্ব দিকে অবস্থিত জনবহুল লিংকারওভার এলাকাটি উঁচু উঁচু দালানের জন্য পরিচিত।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দ্য ওয়েভার সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসিন্দা ও হতাহতদের প্রতি গভীর সমবেদনা রইল। দুর্যোগের এই মুহূর্তে জরুরি সেবা প্রদানকারী কর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন যে, দ্রুতই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
তথ্যসূত্র: আল জাজিরা