মেরুকরণ পরিহারের আহ্বান পোপ লিও চতুর্দশ এর স্পেন সফরে

২০১১ সালের পর প্রথমবারের মতো পোপের স্পেন সফরকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সাত দিনের এই রাষ্ট্রীয় ও ধর্মীয় সফরের প্রথম দিনে পোপ চতুর্দশ লিও দেশটিতে বিভেদ ও মেরুকরণের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন। শনিবার এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি বলেন, সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বিভাজনমূলক বাগাড়ম্বর থেকে সরে এসে সমাজ ও ইতিহাসের জটিলতাকে অনুধাবন করাই বুদ্ধিমানের কাজ।

বিজ্ঞাপন

পোপ লিও সতর্ক করে দিয়ে বলেন, প্রযুক্তির অপব্যবহার সমাজে কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছে এবং মানুষের গঠনমূলক চিন্তাশক্তির ক্ষমতাকে খর্ব করছে। স্পেনের বর্তমান রাজনৈতিক দুর্নীতি ও অভিবাসন সংক্রান্ত জটিল পরিস্থিতির প্রেক্ষাপটে তাঁর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি স্পেনের ইতিহাসের দৃষ্টান্ত টেনে বলেন, ভিন্ন ভিন্ন ধর্ম ও সংস্কৃতির সহাবস্থানই একটি জাতির স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করে, সংঘাত নয়।

শান্তির বার্তা বর্তমান বাস্তবতায় অনেক সময় অবাস্তব বা বিতর্কিত মনে হতে পারে বলে মন্তব্য করেন পোপ। তিনি বলেন, যারা পূর্বনির্ধারিত মতাদর্শের গণ্ডি পেরিয়ে সত্যকে গ্রহণ করতে প্রস্তুত, কেবল তারাই প্রকৃত শান্তি ও স্থিতিশীলতার পথে এগিয়ে যেতে পারে। তাঁর এই সফর ঘিরে মাদ্রিদের রাস্তায় সাধারণ মানুষের ঢল নেমেছে এবং শহরজুড়ে বিলবোর্ড ও পোস্টারে ছেয়ে গেছে পোপের প্রতিকৃতি।

সফরের এই সময়টিতে স্পেনের রাজধানী মাদ্রিদে জনপ্রিয় সংগীতশিল্পী ব্যাড বানি-এর দুটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি নিয়ে হাস্যরসাত্মক ভঙ্গিতে পোপ বলেন, যদি তরুণদের সামনে পোপ নাকি ব্যাড বানি—কাকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তবে অনেকে শিল্পীকেই পছন্দ করবেন। তবে যারা পোপকে দেখার জন্য ভিড় করছেন, তাঁদের উপস্থিতি এক গভীর তাৎপর্য বহন করে বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন

বিশ্বব্যাপী অভিবাসন সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা নিয়ে পোপ লিও বরাবরই সোচ্চার। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর চলমান মতপার্থক্য ও প্রকাশ্য দ্বিমত আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%