ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মারক ভাংচুরের দায়ে নারী গ্রেফতার ১০ বছরের কারাদণ্ডের ঝুঁকি

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও অবমাননার দায়ে মেলিসা ফ্যারিস নামে ৪১ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে মার্কিন কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে সরকারি সম্পদ ধ্বংস এবং যুদ্ধস্মৃতিস্তম্ভ অবমাননার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে ফ্যারিসের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনাটির একদিন আগেই স্মৃতিস্তম্ভটির ঝরনায় সাবান ও গ্রাফিতি ব্যবহার করে বিকৃত করা হয়। এর পানি বুদবুদে ভরে ফেলার পাশাপাশি স্মৃতিস্তম্ভের গায়ে লাল ও সবুজ রঙে অসংলগ্ন কিছু বার্তা লিখে দেওয়া হয়। ডিসি ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি জেনিন পিরো এই ন্যক্কারজনক ঘটনাকে পবিত্র একটি স্মৃতির ওপর আঘাত হিসেবে অভিহিত করেছেন। নিজের বাবা ও দাদার সশস্ত্র বাহিনীতে যোগদানের কথা উল্লেখ করে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান।

এই গ্রেপ্তারের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন নিকটস্থ লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলের ক্ষয়ক্ষতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেনিন পিরোর তিক্ত বিরোধ প্রকাশ্যে এসেছে। এর আগে রিফ্লেক্টিং পুলের সংস্কারকাজ নিয়ে ওঠা বিতর্কের জেরে পিরো সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নিলে ট্রাম্প তাঁর ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন। সে সময় ট্রাম্প অভিযোগ করেছিলেন, সংস্কারের পরপরই পুলটি ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে, যদিও পিরো জানিয়েছিলেন সরকারি দপ্তরের দেওয়া অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতেই তিনি মামলাটি করেছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিস্তম্ভে নতুন এই ভাঙচুরের ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বিষয়টিকে রিফ্লেক্টিং পুলের ঘটনার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে অপরাধীদের খুঁজে বের করার হুঙ্কার দিয়েছেন। স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, ইউএস পার্ক পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।

ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটন ডিসির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার সংস্কারকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তবে তাঁর কঠোর আইন-শৃঙ্খলা নীতির কারণে অনেক সমালোচকই এই গ্রেপ্তার অভিযান ও মামলা পরিচালনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফ্যারিসকে শুক্রবার আদালতে হাজির করার কথা রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

০%
০%
০%
০%